Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে গণিত অলিম্পিয়াডে অংশ নিল ৪০টির বেশি প্রতিষ্ঠানের ১২০০ শিক্ষার্থী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সিলেটের গোয়াইনঘাটে পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে গণিত অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। উপজেলার ৪০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম, নবম ও দশম শ্রেণির প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী এতে অংশ নেয়।

শিক্ষার্থীদের মধ্যে গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি, গণিতভীতি দূর করা, মেধার বিকাশ এবং সৃজনশীল চিন্তাশক্তি বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

পুসাগের উপদেষ্টা তোরাব আলীর সার্বিক সহযোগিতায় এবং সংগঠনের সভাপতি রুবেল আহমদ (রাহী)-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সেক্রেটারি ফখরুজ্জামান ফলিক ও সদস্য তাহেরা আফরিন সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক উপ-উপাচার্য ও গণিত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, শাবিপ্রবির প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর আহমেদ মাহবুব ফেরদৌসী এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।

অনুষ্ঠানে পুসাগের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংকের সিনিয়র অফিসার নাজমুল হক চৌধুরী, সোহরাব আলী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক রিয়াজ উদ্দিন, কৃষিবিদ আনোয়ার হোসেন, প্রতিষ্ঠাকালীন সভাপতি সদর উদ্দিন এবং কবি ও সিভিল ইঞ্জিনিয়ার সম্রাট তারেক আহমদ।

এছাড়া উপস্থিত ছিলেন পুসাগের সাবেক সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার গোলজার হোসাইন, সাবেক সভাপতি রুহুল আমিন মারুফ ও ফাহিম মোনায়েম।

এ সময় গোয়াইনঘাট প্রেসক্লাবের সেক্রেটারি করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি বিলাল উদ্দিন, গোয়াইনঘাট রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান এবং মাদকবিরোধী ঐক্য পরিষদ গোয়াইনঘাটের সদস্য সচিব সাকিব আহমেদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অলিম্পিয়াডে অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিটি শ্রেণিতে ১০ জন করে মোট ৩০ জনকে পুরস্কৃত করা হয়।

অষ্টম শ্রেণি:
প্রথম হয়েছেন পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সুপ্তি। দ্বিতীয় হয়েছেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মেহেদী হাসান নিলয় এবং তৃতীয় হয়েছেন ডাক্তার ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের ফারজানা আক্তার রিমি।

নবম শ্রেণি:
প্রথম হয়েছেন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের আমির হামজা। দ্বিতীয় হয়েছেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মেহেদী হাসান শাওন এবং তৃতীয় হয়েছেন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের তানভীর আহমদ নয়ন।

দশম শ্রেণি:
প্রথম হয়েছেন পরগনা বাজার উচ্চ বিদ্যালয়ের পারিপ্তা জান্নাত। দ্বিতীয় হয়েছেন ফারুক আহমদ কুনকুরি উচ্চ বিদ্যালয়ের মাহমুদুল ইসলাম ফাহিম এবং তৃতীয় হয়েছেন হাজী মুদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের মেহরাব হোসেন মুহতাদি।

অলিম্পিয়াড শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, অলিম্পিয়াডের সম্পূর্ণ ফলাফল পুসাগের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

আয়োজকদের মতে, গোয়াইনঘাটের শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং গণিতের প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষার্থীদের গণিতভীতি দূর করার পাশাপাশি দক্ষতা, যুক্তিবোধ ও সৃজনশীল চিন্তাশক্তি বিকাশেও এ আয়োজন সহায়ক হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.