হবিগঞ্জ প্রতিনিধি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
হবিগঞ্জের বাহুবলে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
রোববার দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষ হয় বলে জানান বাহুবল থানার ওসি রুহুল আমিন তালুকদার।
ওসি বলেন, বাহুবল তোহা বাজারের পাশে বকুলতলা এলাকায় অটোরিকশা ও ইজিবাইকের স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে গত তিন-চার দিন ধরে ধরে দুইপক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। বিষয়টি নিয়ে কয়েক দফা কথা-কাটাকাটি ও ঝগড়ার ঘটনাও ঘটে।
এরই জের ধরে রোববার দুপুরেও স্ট্যান্ডটির দখল ও আধিপত্য নিয়ে দুইপক্ষের চালকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
এ সময় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দেন, তারা দোকানপাট বন্ধ করে দেন।
ওসি আরও বলেন, খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারাও এগিয়ে আসেন। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন ওসি।