Sylhet Today 24 PRINT

বিশ্ব পর্যটন দিবসে লাউয়াছড়ায় র‍্যালি ও মনিপুরী নৃত্যের আয়োজন

শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ২৭ সেপ্টেম্বর, ২০২৬

"ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তা—আগামীর পর্যটন' এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে র‍্যালি ও মনিপুরী নৃত্যের আয়োজন করা হয়।

ট্যুরিজম কমলগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, বিভিন্ন হোটেল-রিসোর্টের প্রতিনিধিসহ পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয়রা অংশগ্রহণ করেন। র‍্যালি শেষে মনিপুরী নৃত্য পরিবেশনের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশের ওসি প্রজিত কুমার দাশ, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক এবং কমলগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন।

আয়োজকরা বলেন, কমলগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্য, লাউয়াছড়া জাতীয় উদ্যান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা ও বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য পর্যটকদের কাছে গুরুত্বপূর্ণ একটি স্থান। পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বিশ্ব পর্যটন দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে কমলগঞ্জের পর্যটন সম্ভাবনাকে আরও তুলে ধরা এবং স্থানীয় জনগণকে পর্যটনবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

,এ বিষয়ে ট্যুরিজম কমলগঞ্জের আহবায়ক সাব্বির এলাহী বলেন আগামীতে বৃহৎ পরিসরে বিশ্ব পর্যটন দিবস মাধবপুর লেকে আয়োজন করা হবে। এতে কমলগঞ্জের বিভিন্ন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সমন্বয়ে শিল্পীদের অংশগ্রহনে তাদের ঐতিহ্যবাহী নৃত্যের আয়োজন থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.