Sylhet Today 24 PRINT

ঢাকা-সিলেট ছয় লেন: অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণ জটিলতার সিংহভাগ নিরসনের আশা

নিজস্ব প্রতিবেদক |  ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামী অক্টোবরের মধ্যেই নিরসনের আশা করছে সরকার। একই সঙ্গে প্রকল্পের সিলেট অংশের নির্মাণকাজ ২০২৮ সালের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। পুরো মহাসড়কের কাজ ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সম্পন্ন হতে পারে।

বুধবার সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী বলেন, প্রকল্পটি সিলেট অংশ এবং সিলেটের সীমানার বাইরের অংশসহ বিভিন্ন পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে। সম্প্রতি সড়ক পরিবহনমন্ত্রী হবিগঞ্জ পর্যন্ত প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। সংশ্লিষ্টদের পরিকল্পনা অনুযায়ী ২০২৮ সালের শেষ থেকে ২০২৯ সালের মাঝামাঝি সময়ের মধ্যে পুরো মহাসড়কের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

সিলেট অংশের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, এ অংশের কাজ ২০২৮ সালের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

ভূমি অধিগ্রহণ নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। এ সংক্রান্ত মোট ১১৩টি মামলার অধিকাংশই নিষ্পত্তি হয়েছে। অবশিষ্ট মামলাগুলোও দ্রুত নিষ্পত্তির জন্য কাজ চলছে। আগামী অক্টোবরের মধ্যে ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার সিংহভাগ নিরসন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রকল্পের কাজ পরিদর্শনকালে সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বাণিজ্যমন্ত্রী সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেন নির্মাণকাজ পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.