Sylhet Today 24 PRINT

সিলেট বিভাগের উন্নয়নে একনেকে উঠছে ৫,৩২৬ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০২৬

আগামী একনেক সভায় সিলেট বিভাগের উন্নয়নে পাঁচ হাজার ৩২৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, সিলেট বিভাগের উন্নয়নে আগামী একনেক সভায় পাঁচ হাজার ৩২৬ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হবে। এতে উপজেলা পর্যায়ে এলজিইডির সড়ক সংস্কারে বড় একটি প্রকল্প নেওয়া হয়েছে। স্বাধীনতার পর সিলেটের ইতিহাসে এত বড় উন্নয়ন প্রকল্প আর কখনো নেওয়া হয়নি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে হবিগঞ্জ পৌরসভা মাঠে জেলা বিএনপির উদ্যোগে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ আয়োজিত সমাবেশে এসব বলেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীত করার কাজ ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে ৯০ শতাংশ সম্পন্ন করা হবে। যেসব এলাকায় ভূমি অধিগ্রহণের কারণে কাজের গতি থমকে আছে, সেসব জায়গার অধিগ্রহণের কাজ আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করা হবে। এরপর দিন-রাত কাজ চালিয়ে প্রকল্পের অগ্রগতি বাড়ানো হবে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সংসদ অধিবেশনে অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে আইন পাস হয়েছে। মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করা হবে। এসব সামাজিক অপরাধ দূর করার পাশাপাশি উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে।

সমাবেশে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার এমপির সভাপতিত্বে এবং হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইসলাম তরফদার তনুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সল এমপি, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমদ আলী মুকিব এবং বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.