Sylhet Today 24 PRINT

বিজ্ঞানমনস্ক তরুণ প্রজন্ম গড়তে বিতর্কচর্চার বিকল্প নেই: প্রফেসর জহিরুল হক

সিলেটটুডে ডেস্ক |  ৩০ সেপ্টেম্বর, ২০২৬

তরুণ প্রজন্মকে মাদক, কিশোর গ্যাং ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে যুক্তিবাদী, চিন্তাশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিতর্কচর্চার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির (এমইউ) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিএফএফ-সমকাল বিতর্ক উৎসব’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিযোগিতায় সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমি। সেরা বক্তা নির্বাচিত হন শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমির শিক্ষার্থী বসুন্ধরা দাস বিন্দু।

প্রফেসর জহিরুল হক বলেন, বর্তমান বাস্তবতায় যুক্তিনির্ভর চিন্তার গুরুত্ব অপরিসীম। যুক্তি, তত্ত্ব ও তথ্য দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করাই বিতর্কের মূল উদ্দেশ্য। বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবাদী, চিন্তাশীল, সহনশীল এবং দায়িত্বশীল করে গড়ে তুলে। একজন বিতার্কিক মাদকাসক্ত, কিশোর গ্যাং ও বখাটেপনার মতো অপরাধে জড়াতে পারে না। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী এবং তাদের মধ্যে যুক্তিবাদী মানস গড়ার ওপর গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, ‘আগের মত এখন আর বিতর্ক উৎসব হয় না। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান চর্চার সুযোগ পায়। তাই সমকাল যে বিতর্ক উৎসবের আয়োজন করেছে তা খুবই প্রশংসনীয়। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটে’।

হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকালের হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এবং হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মিজবাহ উদ্দিন, শায়েস্তাগঞ্জ জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, হবিগঞ্জ পরিবেশ আন্দোলন (বাপা)’র সহ-সভাপতি তোফাজ্জুল সোহেল, মাধবপুর সৈয়দ সইদ উদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাসরিন হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ধামালী চুনারুঘাট উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহমদ বাহার।

এরআগে সকাল ৯টায় অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়, বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাহুবলের শরৎচন্দ্র উচ্চবিদ্যালয়, শায়েস্তাগঞ্জ ইসলামিয়া একাডেমি, বহুলা উচ্চবিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল, সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ ও প্রাণ-আরএফএল পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.