Sylhet Today 24 PRINT

ট্রেন উদ্ধারে পাঠানো উদ্ধারকারী ট্রেনও ‘লাইনচ্যুত’

সিলেটটুডে ডেস্ক |  ০২ অক্টোবর, ২০২৬

ছবি: সংগৃহীত

বগির হুক ছিঁড়ে প্রায় ৪ ঘন্টা মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আটকা ছিল পাহাড়িকা এক্সপ্রেস। শুক্রবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সোয়া ৫টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে বগি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভিবিক হয়। ট্রেনটি সকালে সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।

এদিকে পাহাড়িকা এক্সপ্রেস উদ্ধারে পাঠানো উদ্ধারকারী ট্রেনটিও ফেরার পথে দুর্ঘটনায় পড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উদ্ধারকারী ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়।

আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেলে স্টেশনের ইয়ার্ড থেকে বের হওয়ার সময় উদ্ধারকারী ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জানা যায়, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশের পর বগির হুক ছিঁড়ে যায়। এরপর ৯টি বগি নিয়েেট্রেনের ইঞ্জিন শ্রীমঙ্গল স্টেশনে চলে যায়। বাকি ৭টা বগি বনের ভেতরে আটকে পড়ে। পরে বিকল্প ইঞ্জিন এনে বিকেল সোয়া ৫টার দিকে বাকি বগিগুলো উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় প্রায় ৪ঘন্টা বনের ভেতরে আটকা পড়েন ট্রেনের ৭টি বগির যাত্রীরা। দীর্ঘসময় আটকা থাকায় দুর্ভোগ পোহাতে হয় তাদের।

তবে সোয়া ৫টা থেকে বগিগুলো উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.