Sylhet Today 24 PRINT

সিলেট থেকে জগন্নাথপুরের ‘মানবপাচারকারী’ ভাই-বোন গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে মানবপাচার ও দমন আইন দায়েরকৃত মামলায় ভাইবোনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানা পুলিশ সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে পলাতক আসামিদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে চারটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মনফর আলীর মেয়ে সুভি বেগম (৩২) ও তার ভাই শামছুল মিয়া (২৯)।

থানা পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে কম টাকার লোভ দেখিয়ে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচার করে আসছিল। প্রতারণার মাধ্যমে ভূক্তভোগীদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে দেয়ার অভিযোগ রয়েছে । তাদের ফাঁদে পড়ে অনেকেই নিস্ব। আসামি সুভির স্বামী ইতালিতে এবং তার আরেক ভাই লিবিয়ায় বসবাস করে। এই চক্র অভিবাসন প্রত্যাশীদের ইউরোপের স্বপ্ন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

ভুক্তভোগী জগন্নাথপুর বাজার ব্যবসায়ী শেরন ভান্ডারী জানান, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে আসামি সুভি বেগম বিদেশ প্রত্যাশী অনেকের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।ওই নারীর স্বামী ও তার ভাই আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িত। ইতালি পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে তারা আমার নিকট থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.