Sylhet Today 24 PRINT

সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার চোরাই ভারতীয় পণ্য জব্দ

‎গোয়াইনঘাট প্রতিনিধি: |  ০৩ অক্টোবর, ২০২৬

‎সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। আটক করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় জিরা, গরু, কম্বল, বডি লোশন, বাসমতি চাল, মদ, শুঁটকি, চকলেট, সুপারি ও চিনি। এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা।
‎
‎শনিবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট, দমদমিয়া ও ডিবিরহাওর বিওপির সদস্যরা পৃথকভাবে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন।
‎
‎বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিতভাবে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল আটক করা হয়।
‎
‎আটক করা মালামালের মধ্যে ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য ছাড়াও গরু ও মাদকজাতীয় পণ্য রয়েছে। সীমান্তপথে অবৈধভাবে এসব পণ্য আনা-নেওয়া বন্ধ করতে বিজিবি সদস্যরা নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‎
‎সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
‎
‎তিনি আরও জানান, সীমান্তে অবৈধভাবে পণ্য পাচার রোধে বিজিবির টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি অব্যাহত থাকবে।
‎
‎বিজিবি জানিয়েছে, আটককৃত চোরাচালানী মালামালসমূহের বিষয়ে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎
‎সীমান্তে চোরাচালান বন্ধ এবং মাদক ও অবৈধ পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.