Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমানের মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপন্ন প্রজাতির একটি ‘মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমরইলছড়া চা বাগানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চা বাগানের ভেতর বৈদ্যুতিক তারে শক খেয়ে হনুমানটি মাটিতে পড়ে যায়। বিষয়টি জানতে পেরে চা বাগানের লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে আহত সোনালী হনুমানটিকে উদ্ধার করেন। পরে দ্রুত চিকিৎসার জন্য সেটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালে নেওয়া হয়।

তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা দেওয়ার আগেই গুরুতর আহত হনুমানটির মৃত্যু হয়।

পরে মৃত মুখপোড়া হনুমানটি শ্রীমঙ্গল বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকায় মুখপোড়া হনুমান বিপন্ন প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত।

বন বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কার্যালয়ের জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট মো.তাজুল ইসলাম জানান মৃত হনুমানটিকে হস্তান্তর করা হয়েছে। লাউয়াছড়া জানকিছড়া রেসকিউ সেন্টারে ময়নাতদন্ত করা হবে। এরপর বন বিভাগের নিয়ম অনুযায়ী সেটিকে মাটিচাপা দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.