নিজস্ব প্রতিবেদক | ০৪ অক্টোবর, ২০২৬
জাতীয় সংসদে আইন পাস ও গেজেট জারি করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-কে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে। গঠিত হয়েছে নতুন বিশেষায়িত বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি)। পরিবর্তন এসেছে নাম ও লোগোতে। অথচ প্রশাসনিক চর্চায় রয়ে গেছে বিলুপ্ত র্যাবের অস্তিত্ব; নতুন বাহিনীর দাপ্তরিক যোগাযোগ ও সংবাদ বিজ্ঞপ্তি এখনো আসছে র্যাবের নামে থাকা অফিসিয়াল ইমেইল ঠিকানা থেকেই।
রোববারও র্যাব-৯ ই-মেইল থেকে নিজেদের বিভিন্ন কর্মকান্ডের সংবাদ মাধ্যমে প্রেরণ করে এসআরবি’র সিলেট অঞ্চলের শাখা এসআরবি-৯।
বিশেষায়িত নতুন এই বাহিনী গঠনের পর থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিগুলোতে নতুন লোগো ও নাম ব্যবহার করা হলেও ইমেইল প্রেরকের ঠিকানা অপরিবর্তিত রয়ে গেছে। প্রতিটি সংবাদ বিজ্ঞপ্তিতেই অফিসিয়াল ইমেইল হিসেবে ব্যবহৃত হচ্ছে RCMC RAB-9 <rcmcrab9@gmail.com>।
বিলুপ্ত বাহিনীর অফিসিয়াল ইমেইল ঠিকানা ব্যবহার সম্পর্কে জানতে চাওয়া হয় এসআরবি-৯ এর মিডিয়া অফিসার এবং অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ সিলেটটুডে২৪-কে বলেন, আমরা ধাপে ধাপে সব পরিবর্তন করছি। একদিতে তো সব পরিবর্তন করা সম্ভব নয়। কিছু পরিবর্তনের জন্য বাজেটও প্রয়োজন। হেড কোয়ার্টার থেকে বাজেট আসলে পরিবর্তন করা হবে। আর কিছু পরিবর্তন চলমান রয়েছে। সবকিছুই এসআরবি-৯ করা হবে।
উল্লেখ্য, টানা দুই দশকের সমালোচনা, বিচারবহির্ভূত হত্যা, গুম এবং জাতিসংঘের সুপারিশের প্রেক্ষিতে ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর সংসদে কণ্ঠভোটে র্যাব বিলুপ্তির বিল এবং এসআরবি গঠনের বিল পাস হয়। পরবর্তীতে ১৫ সেপ্টেম্বর সরকারি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে র্যাবকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়।