Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে চিকিৎসার অবহেলায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ, হাসপাতালে স্বজনদের বিক্ষোভ

চুনারুঘাট প্রতিনিধি  |  ০৫ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসা অবহেলার অভিযোগ ওঠেছে। এমন অভিযোগে রোববার রাতে হাসপাতাল প্রাঙ্গণে উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়। একপর্যায়ে রোগীর বিক্ষুব্ধ স্বজনদের তোপের মুখে পড়েন দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্স।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চুনারুঘাট থানা-পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে হট্টগোলের সময় দায়িত্বে থাকা চিকিৎসক ও নার্সকে লাঞ্ছিত করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার (২ অক্টোবর) শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন মিরাশি ইউনিয়নের আসলা গ্রামের আকবর আলীর মেয়ে তানজিলা আক্তার (২০)। শনিবার তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তবে রোববার রাতে আবার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে স্বজনেরা দায়িত্বে থাকা সেবিকাকে দ্রুত অক্সিজেন দেওয়ার অনুরোধ জানান।

স্বজনদের অভিযোগ, সেবিকা তাদের কথা গুরুত্ব না দিয়ে অবহেলা করেন। অক্সিজেন না পেয়ে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তানজিলা।

হাসপাতালে থাকা অন্য রোগী ও স্বজনদের দাবি, তানজিলার মৃত্যুর প্রায় এক ঘণ্টা আগে একই এলাকায় সময়মতো অক্সিজেন না পেয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছিল।

পরপর দুটি মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন রোগীর স্বজনেরা। তারা দায়ীদের শাস্তির দাবিতে হট্টগোল শুরু করেন। খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মো. মোজাম্মেল হোসেন বলেন, চিকিৎসায় অবহেলা এবং সময়মতো অক্সিজেন না দেওয়ার অভিযোগ এনেছেন স্বজনেরা। এ ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করব। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.