Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগ

শামীম আহমদ, বালাগঞ্জ: |  ০৫ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাও সড়কের পিচ উঠে গেছে, কোথাও পাকা সড়ক ভেঙে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা।

সামান্য বৃষ্টি হলে সড়কে পানি জমে থাকে। তখন জলাবদ্ধ ওই সড়ক দিয়ে বাহন চলাচল করতে বেগ পেতে হয়। সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ না করায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানিয়েছেন, বালাগঞ্জ-তাজপুর সড়কের আদিত্যপুর থেকে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের গহরমলি পর্যন্ত এসড়কের দৈর্ঘ্য প্রায় সাড়ে ৩ কিলোমিটার। এই সড়কটি অবস্থান দুটি বড় সড়কের মধ্যস্থলে হওয়ায় এটি যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার হয়নি। সড়কে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। বৃষ্টিতে সেই গর্তে পানি-কাদা জমে সড়কটি এখন বেহাল। চাকা গর্তে পড়ে হেলেদুলে চলে যানবাহন। এতে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।

সরজমিন গিয়ে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দে বেহাল। অন্যদিকে এই সড়কটি অত্যান্ত সরু। সড়কের দুই পাশে পিচ অংশের পরে অবশিষ্ট মাটি নেই। সড়কে দুইটা ছোট গাড়ি অতিক্রম করতে পারছে না। গাড়িগুলো পাশ কাটিয়ে যাওয়ার পর্যাপ্ত জায়গা না থাকায় দীর্ঘ সময় গাড়ীর জট লেগেই থাকে। তাই দ্রুত সড়কের দুই পাশে মাটি ভরাট ও সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম বলেন, সড়কটি খুবই ছোট। সংস্কার না হওয়ায় সড়কটি আরও বেহাল অবস্থায় রূপ নিয়েছে। কিছুদিন আগে সংস্কারের জন্য সিলেট-৩ আসনের এমপি এমএ মালিক সাহেবকে সড়কটি দেখিয়েছি। আশা রাখি শিগগির বরাদ্দ অনুমোদন হবে।

বালাগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। সংস্কারের জন্য আমরা প্রকল্প প্রস্তাব পাঠিয়েছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.