Sylhet Today 24 PRINT

সিলেটে বিশেষ অভিযান, প্রথমদিনে গ্রেপ্তার ৪৬

নিজস্ব প্রতিবেদক |  ০৫ অক্টোবর, ২০২৬

নগরীতে ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযানে নেমেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। রোববার রাত থেকে এ অভিযান শুরু হয়।

প্রথমদিনের অভিযানে (৪ অক্টোবর) বিভিন্ন অভিযোগে ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ৪৬ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেপ্তার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯০টি নেশাজাতীয় টাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট, ৫ কেজি ৫০ গ্রাম গাঁজা এবং ৩৮টি ইয়াবা ট্যাবলেট।

এদিকে, নগরীর বিভিন্ন সড়কে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১৫২টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৮৩টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে।

অভিযান শুরুর আগে রোববার রাতে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সিলেটে যত ছিনতাই বা বিভিন্ন অপরাধের ঘটনা ঘটে তার বেশিরভাগের সাথে কিশোর এবং তাদের থেকে একটু বেশি বয়সী তরুণরা জড়িত। সারাধারণ জনগন-পথচারী যাতে রাতে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারেন, যাতে কোন চুরি ছিনতাই না ঘটে এজন্য আজকে থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। আজকে থেকে প্রতিদিন এ অভিযান চলবে।

তিনি বলেন, আমরা একটা বার্তা দিতে চাই, যাদের রাস্তাঘাটে কোন কাজ নেই, তারা যেনো রাতে অকারণে অলিতে-গলিতে বা মোড়ে খারাপ ছেলেদের সাথে আড্ডা না দেয়। এমনটি করলে পুলিশ ব্যবস্থা নেবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.