Sylhet Today 24 PRINT

ওয়ার্ড পর্যায়েও খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে: শ্রীমঙ্গলে ক্রীড়া প্রতিমন্ত্রী

​শ্রীমঙ্গল প্রতিনিধি  |  ০৬ অক্টোবর, ২০২৬

দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

​মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

​প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তুলতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে শ্রীমঙ্গল ক্রিকেট একাডেমির পাশাপাশি মাঠে ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। সারা দেশের জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নে ইতোমধ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে ডিপিপি প্রণয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। এর মাধ্যমে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ সম্ভাবনাময় বিভিন্ন খেলার নিয়মিত আয়োজনের সুযোগ তৈরি হবে।

​তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে সরকারের বিভিন্ন দূরদর্শী পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং নগরীর ওয়ার্ড পর্যায়েও ফুটসাল বা ছোট মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়া, আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাবিষয়ক পাঠ্যপুস্তক সংযোজনের উদ্যোগও নেওয়া হয়েছে।

​মৌলভীবাজারের মাঠ দখলমুক্ত করার বিষয়ে প্রতিমন্ত্রী জানান, যেসব খেলার মাঠ অবৈধভাবে দখল হয়ে আছে, সেগুলোকে অবমুক্ত করে খেলাধুলার উপযোগী করার জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে দেশের অবস্থান সুদৃঢ় করতে তিনি বলেন, সরকার কেবল অংশগ্রহণে সীমাবদ্ধ থাকতে চায় না, বরং সম্ভাবনাময় খেলাগুলোতে পদকের জন্য লড়াই করতে চায়। এ লক্ষ্যে আগামী পাঁচ বছরে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের মতো আন্তর্জাতিক আসরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থান তৈরির দীর্ঘমেয়াদি প্রস্তুতি চলছে।

​উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ ওয়াহিদুজ্জামান রাজু, বিসিবি পরিচালক সরফুদ্দীন আহমদ সরফুসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।

​পরে প্রতিমন্ত্রী শ্রীমঙ্গল উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.