Sylhet Today 24 PRINT

সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মায়ের মৃত্যু, প্রবাসীকল্যান মন্ত্রী ও ইমজার শোক

সিলেটটুডে ডেস্ক |  ০৮ অক্টোবর, ২০২৬

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সাবেক সাধারণ সম্পাদক ও প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মা হুসনবান বিবি মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১টা ১৫ মিনিটে (বুধবার দিবাগত রাতে) সিলেটের চিকনাগুল কুহাইঘর এলাকায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিনযাবত বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

মরহুমার নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ জোহর চিকনাগুলের স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ছয় ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

প্রবাসীকল্যান মন্ত্রীর শোক: প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মাতা হুসনবান বিবির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।


বৃহস্পতিবার এক শোক বার্তায় মন্ত্রী বলেন, "হুসনবান বিবি একজন রত্নগর্ভা ও পুণ্যময়ী নারী ছিলেন। প্রবাসে থেকেও সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব দেশের সাংবাদিকতায় যে অবদান রাখছেন, তার পেছনে মরহুমার সঠিক দিকনির্দেশনা ও সুশিক্ষার বড় ভূমিকা রয়েছে।"

মন্ত্রী আরও বলেন, "হুসনবান বিবির মৃত্যুতে পরিবার অভিভাবককে হারাল। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।"

ইমজার শোক: হুসনবান বিবির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা)-এর সভাপতি মাহবুব রহমান রিপন ও সাধারণ সম্পাদক আনিস রহমান।

এক যৌথ শোকবার্তায় ইমজার সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তাঁরা বলেন, একজন মমতাময়ী মায়ের মৃত্যু পরিবার-পরিজনের জন্য অত্যন্ত বেদনাদায়ক। মহান আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার তাওফিক দান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.