Sylhet Today 24 PRINT

সিলেটে শুরু হলো তিন দিনব্যাপী মহালয়া উৎসব

নিজস্ব প্রতিবেদক |  ০৮ অক্টোবর, ২০২৬

দেবীপক্ষের আর মাত্র দুই দিন বাকি। শরতের নীল আকাশে দেবীর আগমনী বার্তা, আর ভক্তদের হৃদয়ে শারদীয় দুর্গোৎসবের আবাহন। এরই মধ্যে সিলেটে শুরু হয়েছে তিন দিনব্যাপী মহালয়া উৎসব।

মাতৃসংগীত, উদ্বোধনী সংগীতসহ নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন ও মহালয়ার মাহাত্ম্য উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।

বৃহস্পতিবার সকালে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন ও আশ্রম সিলেটের সম্পাদক ও অধ্যক্ষ চন্দ্রনাথানন্দ।

মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও বেলুন উড়িয়ে উৎসবের বর্ণাঢ্য উদ্বোধন করা হয়। পরে সমবেত গীতাপাঠ ও উদ্বোধনী সংগীতে অংশ নেয় শিশু-কিশোররা। ধর্মীয় আবহে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মহালয়া দেবীপক্ষের সূচনার বার্তা বহন করে। পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের আগমনে শুরু হয় দেবী দুর্গার মর্ত্যে আগমনের প্রতীক্ষা। অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির প্রতিষ্ঠার প্রত্যাশায় মহালয়ার মধ্য দিয়ে ভক্তরা স্মরণ করেন দেবী দুর্গার মহিমা ও শক্তিকে।

আয়োজকরা জানান, প্রায় তিন যুগ ধরে চলে আসছে এ উৎসব। প্রতিবছরের মতো এবারও চিত্রাঙ্কন, গীতাপাঠ, চণ্ডীপাঠ ও ধর্মীয় গল্পবলা প্রতিযোগিতাসহ নানা আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান এবং রক্তদান কর্মসূচির মতো মানবিক উদ্যোগও থাকছে উৎসবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.