ওসমানীনগর প্রতিনিধি | ০৯ অক্টোবর, ২০২৬
সিলেট-ঢাকা মহাসড়কের দুর্ঘটনাপ্রবণ ওসমানীনগরে ফের দুর্ঘটনা ঘটেছে। এবার অ্যাম্বুলেন্স, হাইয়েস মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৬ ছয়জন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স(ঢাকা মেট্রো-চ৭১-২৯৪৯) ও সিলেটগামী একটি হাইয়েস মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৯-৫০৫৩) শেরপুরগামী (সুনামগঞ্জ-থ-১১-৪৮৪৪) একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই হাইয়েস এর যাত্রী চাঁদপুর জেলার সদর উপজেলার মহামায়া গ্রামের সুহেল আহমদ(৪৭) নিহত হন। এই ঘটনায় ৬জনকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চাঁদপুর জেলার মতলব দক্ষিন উপজেলার খায়রুল ইসলামকে (৪৭) মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
শেরপুর হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করার পর একজনকে মৃত ঘোষনা করেছেন চিকিৎসক। এর আগে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।
এই বিষয়ে আইনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।