Sylhet Today 24 PRINT

জন্মদিনে চিত্রশিল্পী ও নাট্যব্যক্তিত্ব শামসুল বাসিত শেরোকে ঘিরে আড্ডা

সিলেটটুডে ডেস্ক |  ১০ অক্টোবর, ২০২৬

সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশন ও সিলেট আর্টস কলেজ ট্রাস্টি বোর্ডের সভাপতি, চিত্রশিল্পী ও নাট্যব্যক্তিত্ব শামসুল বাসিত শেরোর ৬২তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় নগরের কুমারপাড়ায় অবস্থিত সিলেট আর্টস কলেজে শামসুল বাসিত শেরোর জন্মদিনকে ঘিরে আড্ডার আয়োজন করা হয়।

এতে উপস্থিত শিল্পী, সংস্কৃতিকর্মী, শিক্ষাবিদ, সংগঠক, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা শামসুল বাসিত শেরোর ৬২ বছরের জীবন, শিল্পচর্চা, ব্যক্তিগত স্মৃতি, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সমাজ ও শিল্পাঙ্গনে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন। আড্ডায় উঠে আসে তাঁর জীবনের নানা অভিজ্ঞতা, সৃজনশীল পথচলা, শিল্পের প্রতি ভালোবাসা, আপোষহীন মনোভাবসহ নানা দিক।

বক্তারা বলেন, শামসুল বাসিত শেরো বহুমখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে নাট্যকর্মী, চিত্রশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক। এছাড়া রাজনীতি ও সমাজ সচেতন মানুষ হিসেবেও তিনি সক্রিয় ভূমিকা পালন করে চলছেন।

বক্তারা শেরোর শিল্পীসত্তা, জীবনবোধ ও সাংগঠনিক ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ করে শিল্প-সংস্কৃতির বিকাশ, নতুন প্রজন্মের শিল্পীদের অনুপ্রেরণা জোগানো এবং শিল্পশিক্ষার প্রসারে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা হয়। স্মৃতিচারণের পাশাপাশি হাসি-আনন্দ ও সৌহার্দ্যপূর্ণ কথোপকথনে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও হৃদ্যতাপূর্ণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মো. জাহিরুল হক, কথাকলি সিলেটের সভাপতি নীলাঞ্জনা দাস টুকু, সাংবাদিক ও লেখক অপূর্ব শর্মা, পরিবেশকর্মী ও সংগঠক আব্দুল করিম কিম, সংগঠক রোজাউল কিবরিয়া লিমন, অ্যাডভোকেট গোলাম সুবাহান চৌধুরী দিপন, সাংবাদিক দেবাশীষ দেবু, শিল্পী ইসমাইল গনি হিমনসহ আরও অনেকে।

উপস্থিত সবাই শামসুল বাসিত শেরোর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তাঁর শিল্পীজীবন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আরও সমৃদ্ধি কামনা করেন।

সবশেষে শামসুল বাসিত শেরো এই আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.