Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুলকে কুপিয়ে হত্যা

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১১ অক্টোবর, ২০২৬

সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

রোববার (১১ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

‎নিহত বদরুল আলম উপজেলার হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে গোয়াইনঘাট উপজেলা যুবদলের পদপ্রত্যাশী ছিলেন। তিনি দুই ছেলের জনক।

‎নিহতের সঙ্গে থাকা সাদেক হোসেন জানান, বদরুল আলম ও তিনি মনরতল বাজার থেকে হাদারপারে বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় তাদের সঙ্গে ৩০ লাখ টাকা ছিল। গোরাগ্রাম এলাকায় পৌঁছালে কয়েকজন তাদের পথরোধ করে টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বদরুল আলম বাধা দিলে হামলাকারীরা দা, চাকু, ছুলফিসহ দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বদরুল আলমের মৃত্যু হয়।

‎পরে স্থানীয়রা বদরুল আলমের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। প্রতিবেদন লেখা পর্যন্ত তার মরদেহ হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে ছিল।

‎খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়লের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি জানিয়েছেন, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.