Sylhet Today 24 PRINT

সিলেটে মা-মেয়ের মৃত্যু: চাপা দেওয়া বাস নিজেদের নয় দাবি সাদাপাথর কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক |  ১১ অক্টোবর, ২০২৬

সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে কাকুয়ারপাড়ের কেওয়াছড়া সেতু এলাকায় মা ও শিশুর মৃত্যুর ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি নিজেদের নয় বলে দাবি করেছে সাদাপাথর পরিবহন কর্তৃপক্ষ।

বিভিন্ন সংবাদমাধ্যমে দুর্ঘটনার সঙ্গে তাদের বাসের সংশ্লিষ্টতার যে খবর প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

রোববার (১১ অক্টোবর) সাদা পাথর পরিবহনের ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনার সঙ্গে সাদা পাথর পরিবহনের কোনো বাস বা চালক জড়িত ছিলেন না। দুর্ঘটনাকবলিত বাসটি প্রতিষ্ঠানটির মালিকানাধীন বা পরিচালিত নয়।

একই সঙ্গে দুর্ঘটনায় নিহত মা ও শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পরিবহন কর্তৃপক্ষ। নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমগুলোকে প্রকৃত তথ্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য সংশোধনের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি যাত্রী ও সাধারণ মানুষকে বিভ্রান্তিকর সংবাদে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সাদা পাথর পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সব সময় যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

তবে দুর্ঘটনার পর শনিবার রাতে সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান সিলেটটুডেকে বলেন, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকয়ার পাড়ে সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে মা-মেয়ে নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.