Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, ওসিসহ আহত ২০

নিজস্ব প্রতিবেদক |  ১৩ অক্টোবর, ২০২৬

ফুটবল খেলাকে কেন্দ্র করে ওসমানীনগরের তাজপুরে দুই গ্রামের সংঘর্ষে থানার ওসিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাজপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। উনডোর মাঠে ফুটবল খেলা নিয়ে এ সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তাজপুর বাজারে ইনডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে খাদিমপুর ও চান্দপুর গ্রামের লোকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে সালিশের উদ্যোগ নেওয়া হলেও সিদ্ধান্ত না মানায় একপর্যায়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রথমে অল্পসংখ্যক লোকজনের মধ্যে মারামারি শুরু হলেও পরে উভয় পক্ষের শত শত মানুষ এতে জড়িয়ে পড়েন। এ সময় লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল ব্যবহার করা হয়। সংঘর্ষ চলাকালে অনেকে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে অবস্থান নেন।

এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত কয়েকজনকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, তাজপুর বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমিও আহত হয়েছি। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে নিয়ে আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.