Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া মরদেহ গুমের চেষ্টার অপরাধে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মুহাম্মদ হাবিবুল্লাহ এ রায় দেন।

আদালতের আদেশে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। অনুমোদন না পাওয়া পর্যন্ত দণ্ড কার্যকর করা যাবে না। এ সময় আসামিকে কারাগারের নির্ধারিত সেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার নথি অনুযায়ী, দণ্ডিত জিতেশ চন্দ্র গোপের বাড়ি কিশোরগঞ্জের ইটনা উপজেলায়। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুরের একটি মার্কেটে অবস্থান করতেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় জিতেশ চন্দ্র গোপের বিরুদ্ধে হত্যা ও অপরাধের আলামত গোপনের অভিযোগে মামলা হয়। বিচারিক কার্যক্রম শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড দেন।


মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায়ে সন্তুষ প্রকাশ করে প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হবে। এতে আদালতের প্রতি মানুষের আস্তা সৃষ্টি হবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.