Sylhet Today 24 PRINT

লালাবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

নিজস্ব প্রতিবেদক |  ১৯ ফেব্রুয়ারী, ২০১৫

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এছাড়া আরো একজন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমা থানার লালাবাজার সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উজ্জল আহমদ (২৪) ও মাহবুবুর রহমান (৩২)। নিহত উজ্জল সুনামগঞ্জ জেলার দিরাই উপেেজলার সাইফুল ইসলামের ছেলে ও  মাহবুব মেহেরপুর জেলার গাংনি থানার গাংনি গ্রামের বাসিন্দা আফজাল হোসেনের ছেলে। 

এছাড়া আহত হয়েছেন- চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আব্দুল মান্নানের ছেলে বুলবুল আহমদ (২৪)।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার এলাকার সাতমাইল নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ এক্সপ্রেস (সিলেট ব-৪৪১৯) একটি বাস ও একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো ম-৫১-৫৬২৮) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। 

আহত বুলবুলকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ও আহত উভয়ই কাভার্ড ভ্যানের যাত্রী ছিলেন। ভ্যানটি একটি ওষুধ কোম্পানীর বলে জানা গেছে।

জানা যায়- বাসটি হবীগঞ্জ থেকে সিলেটের দিকে আসছিল। অন্যদিকে কাভার্ড ভ্যানটি সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

এদিকে এই সড়ক দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।  

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.