Sylhet Today 24 PRINT

বাহুবলে ৪ শিশু হত্যা: অবশেষে ওসির গাফিলতি তদন্তে কমিটি

নিজস্ব প্রতিবেদক |  ২২ ফেব্রুয়ারী, ২০১৬

হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে অপহরণের পর চার শিশু হত্যার ঘটনায় বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের গাফিলতি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

সোমবার বিকেলে হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র এ কমিটি গঠন করেন।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামকে প্রধান করে গঠিত তিন  সদস্যের এ কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাদের অপহরণ করা হয়। পাঁচদিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরের ইছারবিল খালের পাশে বালুমিশ্রিত মাটিচাপা অবস্থায় ওই চার শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিশুরা হলো- বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)। এদের মধ্যে প্রথম তিনজন সম্পর্কে আপন চাচাতো ভাই। আর ইসমাইল তাদের প্রতিবেশী।

চার শিশুর অভিভাবকদের অভিযোগ, অপহরণের পর তারা থানায় মামলা দায়ের করতে গেলে বাহুবল মডেল থানার ওসি মোশাররফ হোসেন মামলা না নিয়ে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এসময় ওসি মোশাররফ হোসেন শিশু মনিরের বাবা আবদাল মিয়াকে শিশুদের খোঁজ পেতে তাবিজ-কবজ করার ও তজবি পড়ার পরামর্শ দেন। শুধু তাই নয়, তিনি মামলা না নিয়ে মেলা-বান্নী ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেওয়ার কথা বলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.