Sylhet Today 24 PRINT

সিলেটে হৃদয় হরিজন হত্যা মামলায় তিন আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৬ অক্টোবর, ২০২৬

সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনিতে হৃদয় হরিজন (৩৩) হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। নরসিংদীর মাধবদী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমন আহমেদ (২৬), রুমান আহমদ সাজ্জাদ (২৫) ও পারভেজ (২২)।

এ ঘটনায় এজাহারনামীয় আরেক আসামি মো. আমিন আহমদ (৩৫) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বিকালে এসএমপি পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম।

এর আগে, গত ১১ অক্টোবর রাত আনুমানিক ৭টার দিকে কাষ্টঘর সুইপার কলোনি এলাকায় হৃদয় হরিজনকে মারধর করা হয়। পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করা হয়। মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে পুলিশ।

পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল নরসিংদীর মাধবদী এলাকায় অভিযান চালিয়ে গত ১৫ অক্টোবর তিন আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.