Sylhet Today 24 PRINT

সিলেটে ট্রাকের ধাক্কায় পর্যটকবাহী বাস খাদে, আহত কয়েকজন

নিজস্ব প্রতিবেদক |  ১৭ অক্টোবর, ২০২৬

সিলেটের জৈন্তাপুরে জাফলংগামী পর্যটকবাহী একটি বাসকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে পাথরবোঝাই ট্রাক। এতে বাসের তিন পর্যটক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী থেকে ছয় দিনের জন্য সিলেট ভ্রমণে এসেছিলেন কয়েকজন পর্যটক। শনিবার একটি বাসে করে জাফলংয়ের উদ্দেশে রওনা হন। পথে সিলেটগামী একটি পাথরবোঝাই ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের পাশে কাদায় পড়ে যায় এবং বাসের তিন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করা হয়। পরে তামাবিল হাইওয়ে পুলিশ তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ এসআই নাজমুল জানান, দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ট-২২-৭৫০১ এবং পর্যটকবাহী বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১২-১৮৪৯। বাসটিকে ধাক্কা দেওয়ার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে থেকে চালক পালিয়ে যায়। আমরা ট্রাক চালককে ধরতে অভিযান পরিচালনা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.