Sylhet Today 24 PRINT

আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

নিজস্ব প্রতিবেদক |  ২১ অক্টোবর, ২০২৬

সিলেটের রামকৃষ্ণ মিশন পূজামন্ডপে সিঁদুর খেলায় ব্যস্ত নারীরা। ছবি: নিজস্ব আলোকচিত্রী

শারদীয় দুর্গোৎসবের আজ শেষ দিন। আজ বিজয়া দশমী। আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ছয়দিন ব্যাপী শারদীয় দুর্গাপূজা।

আজ বুধবার সকাল থেকেই সিলেটের মন্ডপে মন্ডপে দেবীকে বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। টানা উৎসবের পর সব মন্ডপেইবিাজছে বিদায়ের সুর। বিকেলে নগরের চাঁদনীঘাটে শুরু হবে প্রতিমা বিসর্জন পর্ব।

এরআগে সকালে মন্ডপগুলোতে দশমীর পূজা অনুষ্ঠিত হয়। পরে মঙ্গল কামনায় দেবীল পায়ে সিঁদুর মেখে দেন নারীরা। নিজেরাও মেতে ওঠেন সিঁদুর খেলায়। সিলেটের রামকৃষ্ণ মিশনসহ কয়েকটি মন্ডপ ঘুরে দেখা গেছে, নারীরা সিঁদুর খেলায় মেতেছেন।

এর আগে মঙ্গলবার মহানবমী পূজার দিনে সিলেট নগরীর মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। ভক্তরা মণ্ডপে অঞ্জলি ও ভোগ দিয়েছেন। নবমী পূজা ও সন্ধ্যা আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করে। আজ বিজয়া দশমীতে বিদায় নেবেন মা দুর্গা।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়। টানা ছয় দিনের আনন্দ উৎসবের পর আজ দেবী বিসর্জনের মাধ্যমে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে।

এবার সিলেট জেলা ও মহানগর মিলিয়ে ৬৩৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার তথ্য অনুযাযী সিলেট জেলায় সর্বজনীন ৪৪৮টি ও পারিবারিক ২৬টিসহ মোট ৪৭৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

অন্যদিকে মহানগর এলাকায় সর্বজনীন ১৪৬টি ও পারিবারিক উদ্যোগে ১৬টিসহ ১৬২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.