Sylhet Today 24 PRINT

সিলেটে টিলা কাটার দায়ে ২ জনকে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ২৩ অক্টোবর, ২০২৬

সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। পৃথক স্থানে অভিযান চালিয়ে টিলা কাটার অপরাধে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রাম ও সিলেট সদর উপজেলার খাদিমনগর চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দুপুর ১টায় গোলাপগঞ্জের ধারাবহর গ্রামে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ। সেখানে টিলা কেটে ঘর নির্মাণের অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, বিকেল ৩টায় খাদিমনগর চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী। সেখানেও টিলা কাটার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর ও শাহপরাণ (রহ.) থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

এ বিষয়ে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় টিলা কাটার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। টিলা কাটা ও অবৈধ দখলের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.