Sylhet Today 24 PRINT

সিলেটে হামে মৃত্যু ২০০

গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন

নিজস্ব প্রতিবেদক |  ২৩ অক্টোবর, ২০২৬

ফাইল ছবি

সিলেটে হাম ও হামের উপসর্গে মৃত্যুর মিছিল থামছেই না। এই রোগে মৃত্যুর সংখ্যা ইতোমধ্যে ২০০ ছুঁয়েছে। আর গত ২৪ ঘন্টায় নতুন করে মারা গেছে ৩ শিশু।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, গত কয়েকদিন হামে মৃত্যুশূন্য ছিল সিলেট। তবে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ৩ শিশুর মৃত্যু হয়। তাদের বয়স ৬ মাস, ১ বছর ও ৩ মাস। মারা যাওয়া ২ শিশুরই বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ ও বিয়ানীবাজার অপর শিশুর বাড়ি হবিগঞ্জ জেলায়।

চিকিৎসকরা জানান, তারা অপুষ্টিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল।

এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০০ জনে। যাদের বেশিরভাগই শিশু এবং ৩ জন প্রাপ্তবয়স্ক।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৯৪ জন রোগী। সব মিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৩২ জন।

চিকিৎসকরা জানান, হাম উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের বেশিরভাগেরই টিকা দেওয়া হয়নি। পাশাপাশি পুষ্টিহীনতা, হৃদরোগ, নিউমোনিয়া, জন্ডিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিল তারা।

সংশ্লিষ্টরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির পাশাপাশি জনসচেতনতা তৈরিতেও কাজ চলছে। এরই অংশ হিসেবে বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিয়মিত টিকাদান কর্মসূচির পাশাপাশি মা ও শিশুর পুষ্টির চাহিদা নিশ্চিত করতেও কাজ চলছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.