নিজস্ব প্রতিবেদক | ২৪ অক্টোবর, ২০২৬
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে পঞ্চম দফায় পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা। পাশাপাশি এতে সোনা, রূপা ও ১৮টি দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু হয়।
দানবাক্সে পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ৭ হাজার ৬৪৭ ভারতীয় রুপি, ১৩.৫০ ওমানি রিয়াল, ৯৩ সৌদি রিয়াল, ৬৫ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, ১৭ কাতারি রিয়াল, ১০০ বাহরাইনি দিনার, ১৪ ব্রিটিশ পাউন্ড, ২৯ মার্কিন ডলার, ৭ ইউরো ৩৩ সেন্ট।
এছাড়া ১১ মালয়েশিয়ান রিঙ্গিত, ২০ থাই বাত, ১৫ মালদ্বীপের রুফিয়া, ১০ হংকং ডলার, ১ ব্রুনাই ডলার, ৫৫ নেপালি রুপি, ১০০ পাকিস্তানি রুপি, ৫০ রুশ রুবল এবং ৫০০ শ্রীলঙ্কান রুপি পাওয়া গেছে।
এদিকে স্বর্ণ পাওয়া গেছে ১ ভরি সাড়ে ৮ আনা। রূপা পাওয়া গেছে ৩ ভরি ১৩ আনা।
গণনা শেষে সংগৃহীত টাকা ও মূল্যবান সামগ্রী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা রাখা হয়েছে।
এর আগের চতুর্থ দফার গণনায় স্বর্ণ পাওয়া গিয়েছিল ১ ভরি ৯ আনা ২ রতি। সে হিসাবে এবার স্বর্ণের পরিমাণ কিছুটা কমেছে।
শনিবার (২৪ অক্টোবর) ৩৫ দিন পর মাজার প্রাঙ্গণে স্থাপিত তিনটি দানবাক্স ও তিনটি ডেগের সিলগালা খুলে গণনা করা হয়। জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এ কার্যক্রমে অংশ নেন প্রায় অর্ধশত স্বেচ্ছাসেবী। দিনভর গণনা শেষে সন্ধ্যায় সংগৃহীত অর্থের হিসাব ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
এর আগে চতুর্থ দফার গণনায় দানবাক্স ও মানতের ডেগ থেকে পাওয়া গিয়েছিল ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা। অন্যদিকে, পঞ্চম দফায় পাওয়া গেছে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা।
মাজারে দেশ-বিদেশ থেকে আগত ভক্ত ও দর্শনার্থীরা মানত ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে দানবাক্সে অর্থ এবং ডেগে বিভিন্ন সামগ্রী দান করেন। নির্ধারিত সময় পরপর এসব দান গণনা করা হয়।