নিজস্ব প্রতিবেদক | ২৪ অক্টোবর, ২০২৬
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে টাকা-স্বর্নালঙ্কারের পশাপাশি পাওয়া গেছে নানা ধরনের চিঠি। এর মধ্যে আছে বিএনপির সাংগঠনিক সংস্কারের প্রস্তাব, স্বামীর ভালো চাকরি ও মানসিক শান্তি কামনায় এক নারীর প্রার্থনা এবং বিদেশে নেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তির লেখা চিঠি।
শনিবার সকালে মাজারের সাতটি দানবাক্স খোলার পর দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি এসব চিঠি পাওয়া যায়। এদিন পঞ্চমবারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হয়।
দানবাক্সে পাওয়া একটি চিঠি লেখা হয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে। এতে দলের সদস্য ও কর্মী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতাসহ নির্দিষ্ট সাংগঠনিক নিয়ম চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।
চিঠির লেখক বিএনপির সদস্য হতে এসএসসি পাস অথবা জিপিএ ২.৫ এবং কর্মী হতে এইচএসসি পাস ও জিপিএ ৩.৫ থাকার শর্ত চালুর অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে কাউকে বিএনপির সঙ্গে যুক্ত না করার প্রস্তাবও দিয়েছেন তিনি।
চিঠিতে প্রেরকের নাম উল্লেখ নেই। তবে লেখক জানিয়েছেন, ২০১১ সালে রাজনীতিতে যুক্ত হলেও পরে সরে দাঁড়ান। চিঠির শেষে ইংরেজিতে লেখা রয়েছে, ‘ও ধিহঃ ঃযব পযধহমব ঃড় পড়সব ঃযৎড়ঁময ুড়ঁ.....’। এর মাধ্যমে তারেক রহমানের হাত ধরে পরিবর্তন আসার প্রত্যাশা জানিয়েছেন তিনি।
দানবাক্সে পাওয়া আরেকটি চিঠিতে স্বামীর ভালো চাকরি ও মানসিক শান্তির জন্য প্রার্থনা করেছেন এক নারী। নাম-পরিচয়হীন ওই চিঠিতে তিনি লিখেছেন, ‘হে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, আপনার উছিলায় আমার আহাল (স্বামী)- উনাকে একটা ভালো চাকরি দিন এবং উনার মানসিক শান্তি দান করুন।’
অন্যদিকে ভৈরবের আবু বক্কর ছিদ্দিক নামের এক ব্যক্তি নিজের ভাইয়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে চিঠি দিয়েছেন। তার অভিযোগ, বিদেশে নেওয়ার আশ্বাস দিয়ে ভাই তাকে অনেক স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু পরে সেই আশ্বাস পূরণ না করে তার সঙ্গে প্রতারণা করেন।
চিঠিতে আবু বক্কর জানিয়েছেন, ভাইদের মধ্যে তিনি সবার ছোট। এ ঘটনায় তিনি অসহনীয় মানসিক যন্ত্রণায় ভুগছেন। তবে নিজের কষ্টের কথা তুলে ধরলেও ভাইয়ের সমৃদ্ধি কামনা করেছেন তিনি। তার প্রার্থনা, ভাই যেন হাজার কোটি টাকার মালিক হন।
নিজের যন্ত্রণার কথা গণমাধ্যমের সামনে তুলে ধরতে চিঠিটি প্রকাশের জন্য মাজার কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন আবু বক্কর। চিঠিতে নিজের পরিচয় হিসেবে শুধু নাম ও ভৈরবের কথা উল্লেখ করেছেন তিনি।
দুদক বরাবরে চিঠি: সিলেটের হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবাক্সে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর লেখা একটি চিরকুট পাওয়া গেছে। এতে মাজারের অর্থ ও সম্পদ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ এনে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। চিরকুটে নির্দিষ্ট ১০ জনের নাম উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে সিলেটে নানা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চিরকুটে উল্লেখ করা হয়, দেশ-বিদেশ থেকে আগত ভক্ত ও দর্শনার্থীরা শ্রদ্ধা ও বিশ্বাস থেকে মাজারে দান-অনুদান দেন। এই অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্বচ্ছ হিসাবব্যবস্থা, জবাবদিহি ও নিয়মিত নিরীক্ষা প্রয়োজন।
দানবাক্সের অর্থ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম, দুর্নীতি বা অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে দুদকের সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়।
অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট দাবি করে চিরকুটে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন— শামুন মাহমুদ খান, নূর ইসলাম পচা, রুহের আহমদ মনি, রং বাবুল, দেওয়ান, তাহের, ধান চুরা আক্তার, সৌরভ সোহেল (বাবুর্চি), বকরি খোকন ও বদ্রনূর সায়েক। তবে শেষোক্ত ব্যক্তির নাম ও পরিচয় সঠিক কি না, তা যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলেও চিরকুটে বলা হয়।
চিরকুটে উল্লেখিত ব্যক্তিদের ভূমিকা ও আর্থিক কার্যক্রম নিরপেক্ষভাবে যাচাইয়ের পাশাপাশি দানবাক্সের অর্থ গণনা, ব্যাংকে জমা, খরচের হিসাব এবং সংশ্লিষ্ট আর্থিক নথিপত্র পরীক্ষার জোরালো দাবি জানানো হয়েছে।
মাজারে জমা হওয়া অর্থের পরিমাণ, গণনার পদ্ধতি, অর্থ জমার স্থান ও ব্যয়ের খাত নিয়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানানো হয়েছে। তদন্তে কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান চিরকুটদাতা।
এদিকে চিরকুটটি কে বা কারা দিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে দুদক কিংবা মাজার কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্যও এখনও পাওয়া যায়নি।
হযরত শাহজালাল (রহ.) দরগাহ শরিফের সরেকওম মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান জানান, দানবাক্সে পাওয়া এসব চিঠিতে মানুষের ব্যক্তিগত জীবনের নানা সমস্যা, কর্মসংস্থানের প্রত্যাশা, পারিবারিক সংকটসহ বিভিন্ন বিষয় উঠে আসে। অনেকে নিজেদের চাওয়া-পাওয়া পূরণের আশায় এসব চিঠি লিখে দানবাক্সে রেখে যান। এটি তাদের ব্যক্তিগত বিশ্বাস ও আবেগের বহিঃপ্রকাশ।
শেখ হাসিনাকে নিয়ে চিঠি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে লেখা একটি চিঠি পাওয়া গেছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে। শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স ও ডেগের অর্থ গণনার সময় পাওয়া যায় এই চিঠি।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের পক্ষে হাবিবুর রহমান রাজু নামের এক নেতা লিখেন ওই চিঠি। জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে হাবিবুর রহমান রাজুর উদ্যোগে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দেশরত্ন শেখ হাসিনার সুস্থতা কামনা এবং তিনি যেন বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে পুনরায় ফিরে আসেন—এই লক্ষ্যে হযরত শাহজালাল (র.) মাজারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
চিঠিতে লেখা হয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। তারিখঃ ২৮/০৯/২৬। নোয়াখালী জেলা শাখা সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর কন্যা দেশ রত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে হযরত শাহ্ জালাল মাজারে নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করছি। আল্লাহ পাক যেন তাকে সর্বদা সুস্থ রাখেন এবং বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে যেন ফিরে আসেন। আমিন।