Sylhet Today 24 PRINT

জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্বে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২৭ অক্টোবর, ২০২৬

দ্বিপক্ষীয় বাণিজ্যে জাপান বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। দেশটির আর্থিক ও প্রযুক্তিগত সহায়তায় বাংলাদেশে বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। জাপানের সঙ্গে বাংলাদেশের সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সম্পন্ন হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চুক্তিটি বাস্তবায়িত হলে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়বে। প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর দুই দেশের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

এসময় সিলেটকে আরও বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথাও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অত্যন্ত প্রিয় জায়গা ছিল সিলেট। তাঁর নামেই বর্তমান সরকারের মেয়াদে পুরনো কারাগারের জায়গায় আধুনিক ও বিশ্বমানের পার্ক গড়ে তোলা হবে।

এ ছাড়া কিনব্রিজের পাশে একটি ঝুলন্ত সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই চলছে। যাচাইয়ের ফলাফল পাওয়ার পর প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

মন্ত্রী আরও বলেন, বাদাঘাট বাইপাস ও সিলেট-ঢাকা মহাসড়কের উন্নয়নকাজ এগিয়ে চলছে। ২০২৮ সালের মধ্যে এসব প্রকল্পের পূর্ণাঙ্গ চিত্র দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, নগরীর জালালাবাদ পার্ককে পুনরুজ্জীবিত করতে সিলেট সিটি করপোরেশন (সিসিক) কাজ করছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.