হবিগঞ্জ প্রতিনিধি | ২৯ অক্টোবর, ২০২৬
দুর্নীতিমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেছেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, যোগ্যতা ও দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। আমিও একসময় তোমাদের জায়গায় ছিলাম। লেখাপড়া করেই আজকের এই অবস্থানে এসেছি। আমি চাই, তোমরা অনেক বড় হও এবং মেধা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নাও।’
তিনি আরও বলেন, ‘আজ এখানে আসার উদ্দেশ্য শুধু তোমাদের সঙ্গে কথা বলা। তোমরাই আগামী বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারবে। তোমরা যে রঙের পোশাক পরে এসেছ, আমিও সেই রঙের শার্ট পরে এসেছি। তোমাদের ভালোবাসি বলেই এখানে এসেছি। তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করো এবং জীবনে অনেক বড় হও।’
দেশের উন্নয়নের অন্যতম প্রধান বাধা হিসেবে দুর্নীতির কথা উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ এখনো অনগ্রসর অবস্থায় রয়েছে। এর অন্যতম বড় কারণ দুর্নীতি। দেশ দুর্নীতির করালগ্রাসে নিমজ্জিত। স্কুলের ভবন নির্মাণের ঠিকাদার থেকে শুরু করে শিক্ষকদেরও দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি তাকে কষ্ট দেয়। শুধু শিক্ষাখাতে নয়, সব ক্ষেত্রেই দুর্নীতি রয়েছে।
তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দেশের বীরেরা একটি সুন্দর, সাম্য ও শান্তির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছিলেন। কিন্তু দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
‘আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। এমন বাংলাদেশ চাই, যেখানে হিন্দু, খ্রিষ্টান ও মুসলিমসহ সব ধর্মের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন’—বলেন ডেপুটি স্পিকার।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ মো. জি কে গউছ বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। তোমরা ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে হবিগঞ্জবাসীর উন্নয়নে কাজ করবে। সরকার শিক্ষাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরেই হবিগঞ্জের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে—এটাই আমার বিশ্বাস। আমি তোমাদের সঙ্গে আছি।’
সভায় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ এবং হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবদুল মজিদ। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
সভা শেষে শিক্ষার্থীদের সঙ্গে একাধিক সেলফি তোলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্তে মেতে ওঠেন তিনি।