নিজস্ব প্রতিবেদক | ৩১ অক্টোবর, ২০২৬
চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় সিলেটের অন্তঃসত্ত্বা এক নারীকে লন্ডন যাত্রায় আপত্তি জানিয়েছে থেকে মান বাংলাদেশ এয়ারলাইন্স।
ওই নারীকে পরিবহনে আপত্তি জানানোয় তার পরিবারের আরও তিন সদস্যও ফ্লাইট বাতিল করেছেন। তাদের চারজনেরই একসাথে লন্ডন যাওয়ার কথা ছিল।
শনিবার (৩১ অক্টোবর) সকালে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এমন ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ১০টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে লন্ডন যাওয়ার উদ্দেশ্যে সিলেট থেকে যাত্রার প্রস্তুতি নিচ্ছিলেন এক পরিবারের ৪ যাত্রী। তাঁরা চেক-ইন ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পাসপোর্ট চেকিং পয়েন্টে (পিসিইউ) যান।
এসময় এই পরিবারের এক নারী নিজেকে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানান। তবে এ অবস্থায় বিমান ভ্রমণের জন্য প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র দেখাতে না পারায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাঁকে ফ্লাইট থেকে অফলোড করে।
এ ঘটনার পর পরিবারের অন্য সদস্যরাও স্বেচ্ছায় ফ্লাইট থেকে অফলোড হন। ফলে চারজনের কারো ওই ফ্লাইটে লন্ডন যাওয়া হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ বিমান সিলেটের স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ জানান, আইন অনুযায়ী ২৬ সপ্তাহের অন্ত:সত্ত্বা হলে চিকিৎসকের প্রত্যায়ন পত্র প্রয়োজন হয়। কিন্তু ওই নারী যাত্রীর ইতিমধ্যে ২৫ সপ্তাহ পার হয়েছে কিন্তু তার কাছে চিকিৎসকের কোন প্রত্যায়ন পত্র ছিলো না। ঝুঁকি বিবেচনা করে বিমানের ক্রুরা এই যাত্রীকে নিতে অস্বীকৃতি জানায়।
তিনি জানান, প্রত্যায়ন ছাড়া কোন যাত্রী নেয়ার ফলে যাত্রা পথে কোন ধরনের অসুবিধা হলে বিশাল অংকের টাকা জরিমানা গুনতে হতো বিমান বাংলাদেশকে। সেই বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে যাত্রীদের এবং তারা বিষয়টি উপলব্দি করে তাদের যাত্রা বাতিল করেছেন।