Sylhet Today 24 PRINT

সিলেটে ১৬ ঘণ্টায় ৬টি ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক |  ৩১ অক্টোবর, ২০২৬

সিলেটসহ আশপাশের এলাকায় ১৬ ঘন্টার ব্যবধানে ৬টি ভূমিকম্প হয়েছে। তবে এসব ভূমিকম্পের মাত্রা ছিল সামান্য। তাই অনেকেই টের পাননি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টা ১৯ মিনিটে সিলেটের ছাতক থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে ২ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে।

এর আগে একই দিন সকাল সাড়ে ৬টায় ছাতক থেকে ২৮ কিলোমিটার পশ্চিমে ৩ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এটির উৎপত্তিস্থল ছিল ২৫ কিলোমিটার গভীরে।

শনিবার সকাল ১০টা ১৬ মিনিটে ভারতের মণিপুরের থৌবাল থেকে ৭৪ কিলোমিটার পূর্বে ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়। একই দিন সকাল ৭টা ১৩ মিনিটে ভারতের আসামের রাঙাপাড়া থেকে ১৩ কিলোমিটার উত্তরে ২ দশমিক ৯ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়।

এ ছাড়া শুক্রবার দিবাগত (৩০ অক্টোবর) রাত ৮টা ৩৯ মিনিটে ভারতের আসামের রাঙাপাড়া থেকে ৪৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৩ মাত্রার এবং রাত ৮টা ৪৫ মিনিটে মিয়ানমারের সাগাইং অঞ্চলের মাওলাইকের ৪৫ কিলোমিটার পশ্চিমে ৩ মাত্রার ভূমিকম্প হয়।

অর্থাৎ ছয়টি ভূমিকম্পের মধ্যে দুটি সিলেটের ছাতক এলাকায়, ভারতের আসামে দুটি ও একটি মণিপুরে এবং একটি মিয়ানমারে উৎপত্তি হয়েছে।

যদিও আবহাওয়া অফিসের সিলেট কার্যালয় থেকে এ ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দারা দরজা-জানালায় শব্দ ও কম্পন অনুভবের কথা জানিয়েছেন। তবে এসব শব্দ ও কম্পনের প্রতিটি ঘটনার সঙ্গে নির্দিষ্ট ভূমিকম্পের সরাসরি সম্পর্ক নিশ্চিত হওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.