Sylhet Today 24 PRINT

নিখোঁজের সাড়ে তিন বছর পর সেপটিক ট্যাংকে মিলল কৃষকের কঙ্কাল

মাধবপুর প্রতিনিধি |  ৩১ অক্টোবর, ২০২৬

নিখোঁজের সাড়ে তিন বছর পর হবিগঞ্জের মাধবপুরে মহব্বত আলীর (৩৯) কঙ্কাল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার দুপুরে উপজেলার রামনগর গ্রামের একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি।

আটক ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের শাহ আলম (৪২), তার স্ত্রী জাহানারা বেগম (৩৪), জয়নাল মিয়া ও ইয়াছিন মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, মহব্বত আলী রামনগর গ্রামের রুসমত আলীর ছেলে। পেশায় কৃষক হলেও স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করতেন তিনি। এ কারণে এলাকায় সোর্স হিসেবে পরিচিত ছিলেন মহব্বত আলী।

২০২৩ সালের ৩০ জুলাই নিখোঁজ হন তিনি। এরপর স্বজনেরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পাননি। এ ঘটনায় তার বাবা রুসমত আলী বাদী হয়ে মাধবপুর থানায় মামলা করেন।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, দীর্ঘ তদন্তের পর এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.