Sylhet Today 24 PRINT

চাকরির পেছনে না ছুটে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান বিভাগীয় কমিশনারের

সিলেটটুডে ডেস্ক |  ০১ নভেম্বর, ২০২৬

শুধু চাকরির পেছনে না ছুটে নিজেকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

তিনি বলেন, 'দক্ষ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলে চাকরি আপনার পেছনে দৌড়াবে। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে এআইসহ (AI) নানা প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর কাজ নিজের আয়ত্ত করতে পারলে শুধু স্বাবলম্বী হওয়াই নয়, সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবেও নিজেকে পরিচয় দেওয়া যাবে।'

‎​তিনি আরও বলেন, 'অনার্স-মাস্টার্স করেও অনেকে সম্মানজনক চাকরি পাচ্ছেন না। নিরুপায় হয়ে একাডেমিক শিক্ষার বাছবিচার না করে যেকোনো চাকরি নিতে বাধ্য হচ্ছেন। সে জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবনকে গড়ে তুলুন।'

‎​রোববার (১ নভেম্বর) সকালে সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্য নিয়ে সিলেট জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের যৌথ উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

‎​সিলেট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস, অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ রানা।

‎​অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুর রউফ শাহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত যুব উদ্যোক্তা ও সংগঠক মো. নজরুল ইসলাম, আদর্শ সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. আনোয়ার হোসেন রাজু, তাছনিম টেইলারিং হাউজের পরিচালক জেলি বেগম, ইয়ুথ সিলেটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সারোয়ার আলম।

‎উপস্থিত ছিলেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, আদর্শ যুব সমাজকল্যাণ সংস্থা সাধারণ সম্পাদক আব্দুল জলিল সামায়ুন,সোশ্যাল ইকোনমিক সোসাইটির সভাপতি ফাহিমা আহাদ কুমকুম, মোঃ শাহ আলম, কয়ছর আহমদ কাওছার, মোঃ নিজাম উদ্দিন, শারমিন কবির, আলী আহসান হাবিব।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুব প্রশিক্ষণ কেন্দ্র জামে মসজিদের ইমাম মাওলানা মিসবাউল ইসলাম এবং গীতা পাঠ করেন তপন চন্দ্র দাস।

​আলোচনা সভার শেষে যুব ঋণের চেক বিতরণ, জেলা পর্যায়ে সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয় এবং বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

‎​উল্লেখ্য, আল ইসলাহ উত্তর বালুচরের শায়ান বুটিক হাউসের স্বত্বাধিকারী কাজী লিপা রহমানকে এক লাখ টাকার চেক এবং খাদিমগরের বাহুবল এলাকার ধ্রুব টেইলার্স অ্যান্ড ফেব্রিকসের স্বত্বাধিকারী মনি দেবনাথকে এক লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় বানিজ্যিক বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করায় মোছাম্মত রোজিনা বেগমকে পুরস্কার প্রদান করা হয় এবং বিভিন্ন ক্যাটাগরিতে সফল উদ্যোক্তা ও সমাজ কর্মীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.