Sylhet Today 24 PRINT

জিপিএ-৫ পাওয়া দৃষ্টিশক্তিহীন সেই মৌমিকে এবার জেলা প্রশাসকের শুভেচ্ছা

সিলেটটুডে ডেস্ক |  ০২ নভেম্বর, ২০২৬

এবারের এইচএসসি পরীক্ষায় দৃষ্টিশক্তিহীন শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি জিপিএ-৫ লাভ করায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।

২ নভেম্বর সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমির জিপিএ-৫ অর্জন করা অত্যন্ত আনন্দের। তার এই অসাধারণ সাফল্য শুধু তার পরিবার কিংবা প্রতিষ্ঠানের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য গর্বের। প্রতিকূলতাকে জয় করে অধ্যবসায়, একাগ্রতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে সাফল্য অর্জন করা সম্ভব, তাহমিনা আক্তার মৌমি তার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কখনো মেধা, মনোবল ও স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না। মৌমির এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

জেলা প্রশাসক আরো বলেন, সরকারের বরাদ্দকৃত জায়গায় জিডিএফ আছে, থাকবে। এখানে প্রতিবন্ধী শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের পাশাপাশি কারিগরি শিক্ষা অর্জন করার সুযোগ পাবেন। এ সময় বায়জিদ খান এই প্রতিষ্ঠানে মৌমির মত অসংখ্য শিক্ষার্থী তৈরি করতে সরকার বরাদ্দকৃত জায়গায়টি স্থায়ীকরণ, ভবন নির্মাণসহ সব ধরনের সহযোগিতার অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন জিডিএফ’র হিসাব রক্ষক মো. শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি।

জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি-কে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করেন।

পরে নেতৃবৃন্দ সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ রানা এর সাথে সাক্ষাৎ করেন। তিনি মৌমিকে তার সাফল্যের জন্য অভিনন্দন জানান ও উপহার প্রদান করেন।

এইচএসসিতে চমক জাগানো সাফল্যের পর থেকে মৌমিকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। রোববার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরও তাকে ফোন করে শুভেচ্ছা জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.