Sylhet Today 24 PRINT

সিলেটে শিশুদের সামাজিক সচেতনতা ও মানসিক স্বাস্থ্যবিষয়ক ক্যাম্পেইন সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ নভেম্বর, ২০২৬

শিশুদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানসিক স্বাস্থ্য সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি, ডিজিটাল স্ক্রিন টাইমের অতিরিক্ত আসক্তি এবং মোবাইল ফোনের অপব্যবহার রোধে সিলেটে দুই দিনব্যাপী সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

‘গল্প কথায় শিখবো, শেখাবো’ প্রতিপাদ্যে গত ২ ও ৪ নভেম্বর সিলেট নগরীর ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজে এ ক্যাম্পেইনের আয়োজন করে রিফাত’স সোস্যাল স্টুডিও। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

ক্যাম্পেইনের আয়োজক ও রিফাত’স সোস্যাল স্টুডিওর প্রতিষ্ঠাতা রিফাত আরা রিফা জানান, ‘Mutual Understanding is Power’—এই লক্ষ্যকে সামনে রেখে পারিবারিক ও সামাজিক অসংগতি প্রতিরোধ এবং আগামী প্রজন্মকে বিভিন্ন ক্ষতিকর বিষয় সম্পর্কে সচেতন করতে ২০২৩ সাল থেকে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অটিজম বিষয়ে সচেতনতা তৈরিতেও এ উদ্যোগ অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও মূল আলোচনা করেন এলোহা অটিজম ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরামর্শক রিফাত আরা রিফা। অতিথি বক্তা হিসেবে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের উন্নয়নে কাজ করা সংগঠন সুন্দরমের সিলেট বিভাগের প্রশিক্ষক ও সমন্বয়ক এমএসএ মাসুম খান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ও জুনিয়র ক্যাম্পাস ইনচার্জ তাহমিনা খানম।

ক্যাম্পেইন শেষে শ্রেণিশিক্ষক হাবিবা সুলতানা, অপারিতা কর, জুবাইরা জাহান, শাহেনা আক্তার পারুল ও মলি দাসের উপস্থিতিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে রিফাত’স সোস্যাল স্টুডিওর পক্ষ থেকে প্রশংসাপত্র বিতরণ করা হয়।

আয়োজনটির সার্বিক সহযোগিতায় ছিল মুনড্রপ ফিল্মস প্রোডাকশন হাউস অ্যান্ড মিডিয়া স্কুল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.