সিলেটটুডে ডেস্ক | ০৫ নভেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক শামা হক চৌধুরী। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহধর্মিণী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ সাক্ষাতে সিলেটের নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, তাঁদের উদ্যোগের সম্প্রসারণ এবং নারীদের স্বাস্থ্য ও কল্যাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় শামা হক চৌধুরী সিলেটের নারী উদ্যোক্তাদের চলমান কার্যক্রম ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁদের উদ্যোগকে আরও প্রাণবন্ত, সুসংগঠিত ও গতিশীল করার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করার ওপর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি উল্লেখ করেন, নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং সিলেটের আর্থ-সামাজিক উন্নয়নে নারীদের অবদান আরও সুদৃঢ় করা সম্ভব।
এ ছাড়া নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ, জীবনমান উন্নয়ন এবং নারীদের কল্যাণে বাস্তবমুখী ও সময়োপযোগী বিভিন্ন উদ্যোগের বিষয়েও আলোচনা করেন তিনি।
সাক্ষাতে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং নারীর সার্বিক উন্নয়নে সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।