Sylhet Today 24 PRINT

মানিক পশারীর দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৫ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা দেওয়া এবং বিভিন্ন এলাকায় জামায়াত-শিবির কর্তৃক মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আয়োজনে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে ঘণ্টাব্যাপি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নুরুল মোমেনের সভাপতিত্বে ও তাহিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডের সাধারণ সম্পাদক বিলাল হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অ্যাড. আসাদ উল্লাহ সরকার, ছাতক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তোতা মিয়া, দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, তাহিরপুর উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদ, শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশ শেষে বীর মুক্তিযোদ্ধাগণ জাতীয় পতাকা নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে গিয়ে মিলিত হন।

সমাবেশে ক্ষুব্দ মুক্তিযোদ্ধারা বলেন, মহান মুক্তিযুদ্ধের এত বছর পরও স্বাধীনতা বিরোধী চক্র জামায়াত-শিবির ও রাজাকার বিভিন্ন এলাকায় বীর মুক্তিযোদ্ধারের অসম্মান করছে। মহান মুক্তিযুদ্ধকে বার বার অপমান করছে। স্বাধীন দেশে মুক্তিযোদ্ধারা জীবিত থাকা অবস্থায় এমন অবস্থা দেখে মুক্তিযোদ্ধাদের হৃদয়ে রকক্তক্ষরণ হচ্ছে। পিরোজপুরের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা দেওয়ার ঘটনায় জড়িত জামায়াত-শিবির ও সকল রাজাকারের দ্রুত গ্রেপ্তার করে আইনের আনতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শের সরকারকে জামায়াত-শিবিরের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। যাতে জামায়াত-শিবির ভবিষ্যতে এমন কাজ করার সাহস না পায়। ’

সভাপতির বক্তব্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নুরুল মোমেন বলেন, মুক্তিযুদ্ধের আদর্শের সরকার ক্ষমতার থাকার পরও জামায়াত-শিবির ও স্বাধীনতা বিরোধী চক্র একজন মুক্তিযোদ্ধার জানাযা ও দাফনে বাঁধা দেওয়ার সাহস পায়। এরজন্য আমরা জীবন বাজী রেখে মুক্তিযুদ্ধে যাইনি। বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডারের সন্তান বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা দেওয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.