Sylhet Today 24 PRINT

সিলেটে এসে হঠাৎ অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক |  ০৬ নভেম্বর, ২০২৬

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সফর বাতিল করেছেন তিনি।

জানা গেছে, শুক্রবার সকালে কোম্পানীগঞ্জে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী। এ অবস্থায় পূর্বনির্ধারিত সফর বাতিল করে দ্রুত তাঁকে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাঁকে ভর্তি করা হয়।

মন্ত্রীকে সফরসঙ্গী হিসেবে থাকা সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় স্যারকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালিন আরিফুল হক চৌধুরীর পিআরও বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব জানান, গত কয়েকমাস যাবৎ মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানী নিয়ে টানা পরিশ্রম করছেন। এর মধ্যে শ্রমিক অসন্তোষ নিরসন করতে কয়েকদিন রাতদিন পরিশ্রম করতে হয়েছে তাকে।

শিহাব জানান, ঢাকায় থাকতেই মন্ত্রী অসুস্থবোধ করেন। তারপরও সিলেটে মন্ত্রীর নির্বাচনী এলাকার পূর্বনির্ধারিত সফর বাতিল করেননি। কিন্তু সফর কালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি এখন অনেকটা সুস্থবোধ করছেন বলে তিনি পারিবারিক সূত্রে জানতে পেরেছেন।

এদিকে মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর সুস্থতা কামনা করছেন শুভাকাঙ্ক্ষীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.