Sylhet Today 24 PRINT

সিলেট শিক্ষা বোর্ডের সচিব হলেন এমসি কলেজের অধ্যাপক শাহজাহান কবীর

সিলেটটুডে ডেস্ক |  ০৬ নভেম্বর, ২০২৬

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীর। তিনি সিলেটের মুরারিচাঁদ (এমসি) সরকারি কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদায়নের তথ্য জানানো হয়। উপসচিব এ এস এম শাহরিয়ার জাহানের সই করা প্রজ্ঞাপন দুটি একই দিন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান কবীরকে মুরারিচাঁদ সরকারি কলেজ থেকে সিলেট শিক্ষা বোর্ডের সচিব পদে পদায়ন করা হয়েছে। একই প্রজ্ঞাপনে আরও পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরে বদলি এবং পদায়ন করা হয়েছে।

এর মধ্যে রংপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশীদকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) রংপুর অঞ্চলের উপপরিচালক (কলেজ) পদে পদায়ন করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) উপসচিব সিরাজুল ইসলামকে ঢাকার সরকারি কালাচাঁদপুর হাই স্কুল অ্যান্ড কলেজে এবং মাউশির রংপুর অঞ্চলের উপপরিচালক মো. কামরুজ্জামান পাইকগাছকে রংপুরের কারমাইকেল সরকারি কলেজে বদলি করা হয়েছে।

এ ছাড়া পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. শাহাদৎ হোসেনকে বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে এবং সিলেটের মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. উমর ফারুককে ময়মনসিংহের মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তাদের আগামী ১০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্ণ থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.