Sylhet Today 24 PRINT

আগেও ‘দা দিয়ে নিজের গলা কেটেছিলেন’ প্রবাসী নুরুল, দাবি পুলিশের

নিজস্ব প্রতিবেদক |  ০৬ নভেম্বর, ২০২৬

সিলেট নগরের দক্ষিণ সুরমায় বাসা থেকে মরদেহ উদ্ধার হওয়া আমেরিকা প্রবাসী নুরুল ইসলাম মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছে পুলিশ তিনি পাঁচ থেকে সাত বছর আগে একবার দা দিয়ে নিজের গলা কেটেছিলেন বলে দাবি পুলিশের।

তবে এ ব্যাপারে ওই প্রবাসীর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার কায়স্থরাইল এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে নরুল ইসলামের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার ২ নম্বর রোডের ২৫ নম্বর বাসার মৃত আব্দুল গফুরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসার বাথরুমে রক্তাক্ত অবস্থায় তাঁর মরদেহ পড়ে ছিল। এ সময় মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া যায়। ওই বাসায় নুরুল ইসলাম ও তাঁর স্ত্রী বসবাস করতেন। শুক্রবার (৬ নভেম্বর) সকালে বাসার দ্বিতীয় তলায় তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।


দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান বলেন, ওই ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি পাঁচ থেকে সাত বছর আগে দা দিয়ে নিজের গলা কেটেছিলেন। তখন তার শ্বাসনালি কেটে যায়, এজন্য তিনি আস্তে আস্তে কথা বলতেন।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের সন্তানরা বিদেশে থাকেন। তাদের খবর দেওয়া হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, বাসার বাথরুমে রক্তাক্ত অবস্থায় নুরুলের লাশ পড়ে ছিল। মরদেহের পাশে রান্নাঘরে ব্যবহৃত একটি দা পাওয়া যায়। ওই বাসায় নুরুল ও তার স্ত্রী বসবাস করতেন।

সকালে বাসার দ্বিতীয় তলায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন বলে জানিয়েছেন ওসি মো. আশরাফুজ্জামান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.