Sylhet Today 24 PRINT

মন্ত্রী আরিফের শারিরীক অবস্থা নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক |  ০৬ নভেম্বর, ২০২৬

শুক্রবার সিলেট সফরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রবাসী কল্যান ও শ্রম মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সকালে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জে যাওয়ার পর বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, শুক্রবার সকালে কোম্পানীগঞ্জে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী। এ অবস্থায় পূর্বনির্ধারিত সফর বাতিল করে দ্রুত তাকে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাঁকে ভর্তি করা হয়।

তবে হাসপাতালে চিকিৎসাধীন আরিফুল হকের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে হবে তিনি শঙ্কামুক্ত বলে জানা গেছে।

হাসপাতালে আরিফুল হক চৌধুরীর পাশে থাকা সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম শুক্রবার রাতে বলেন, তিনি এখন শঙ্কা মুক্ত থাকলেও আরো কিছু পরীক্ষা-নিরীক্ষার পর অবস্থা বুঝা যাবে।

ডা. জাহিদ বলেন, চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ডা. শিশির বসাক, ডা. নজরুল ইসলামের নেতৃত্বে তার চিকিৎসা চলছে। এছাড়া আরো বেশ কিছু চিকিৎসকও তার চিকিৎসা দলে যুক্ত আছেন।

হঠাৎ কি হয়েছিল জানতে চাইলে তিনি বলেন, বৃহস্পতিবার রাত এগারোটার দিকে তিনি সিলেটে ফিরেন। সকাল উঠেই কোম্পানীগঞ্জে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে গাড়িতে উঠলে তিনি প্রচুর ঘেমে যান এবং তার বুকে ব্যথাসহ অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সফর বাতিল করেছেন ওই এলাকার এই সংসদ সদস্য।

এদিকে, বিকেলে নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে আরিফুল হক চৌধুরীকে দেখনে যান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.