নিজস্ব প্রতিবেদক | ০৮ নভেম্বর, ২০২৬
সিলেট নগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিনব্রিজে দীর্ঘদিন ধরেই যান চলাচল বন্ধ রয়েছে। এতে ‘নতুন ব্রিজ’ নামে পরিচিত নগরের মেন্দিবাগ এলাকায় সুরমা নদীর উপর নির্মিত হযরত শাহজালাল (রহ.) সেতুতে চাপ বেড়েছে। ওই সড়কে প্রতিদিনই লেগে থাকে দীর্ঘ যানজট।
এ অবস্থায় ‘নতুন ব্রিজেও’ যানচলাচলে বিধিনেষেধ আরোপ করেছে সিলেট মহানগর পুলিশ। যা শনিবার রাত থেকেই কার্যকর হয়েছে। এই বিধিনিষেধ বহাল থাকবে আগামী কয়েকদিন। এতে নগরে যানজট আরও বাড়ার আশঙ্কা করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে সিলেট নগরেই এমনিতেই যানজট তীব্র আকার ধারণ করেছে। নগরের যাত্রী ও চালকদের দীর্ঘ সময় আটকে থাকছে হচ্ছে জ্যামে। এ অবস্থায় নতুন করে একটি সেতুতে চলাচলে বিধিনিষেধ আরোপে যানজট আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
১৯৩৬ সালে চালু হওয়া কিনব্রিজ বর্তমানে জরাজীর্ন হয়ে পড়েছে। ২০২৩ সালে সংস্কারের পর এই সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এটি শুধু মোটরসাইকেল ও পথচারীদের জন্য উন্মুক্ত রয়েছে।
আর শনিবার রাত থেকে মেন্দিবাগ এলাকার সেতুর ক্ষতিগ্রস্ত এক্সপানশন জয়েন্ট মেরামতের কারণে সেতু দিয়ে যানচলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়।
সংস্কার কাজের জন্য দুই দফায় বন্ধ থাকবে সেতুর একটি লেন। এ সময় রিকশা চলাচল পুরোপুরি বন্ধ রাখার পাশাপাশি ট্রাক ও কাভার্ড ভ্যানকে বিকল্প সেতু ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৭ নভেম্বর রাত ১১টা থেকে ১১ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফায় মেরামত কাজ চলবে। দ্বিতীয় দফায় ১৪ নভেম্বর রাত ১১টা থেকে ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে একই কার্যক্রম।
এ সময় মেন্দিবাগ থেকে হুমায়ুন রশিদ চত্বর এবং বিপরীতমুখী সড়কে সব ধরনের রিকশা চলাচল বন্ধ থাকবে। সিএনজিচালিত অটোরিকশা চলবে নির্ধারিত রিকশা লেন দিয়ে।
সেতু দিয়ে চলাচলের সুযোগ পাবে শুধু প্রাইভেট কার, মাইক্রোবাস, জরুরি ও সেবামূলক যানবাহন।
ছোট-বড় সব ধরনের ট্রাক ও কাভার্ড ভ্যানকে কাজিরবাজার সেতু ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মেরামতকাজের সুবিধার্থে সেতুর একটি লেন পর্যায়ক্রমে বন্ধ রাখা হবে। অপর লেন দিয়ে চলবে উভয়মুখী যানবাহন। এতে যানজটের আশঙ্কা থাকায় চালকদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায় বলেন, মেরামতকাজ চলাকালে যানজট এড়াতে নির্ধারিত ট্রাফিক নির্দেশনা মেনে চলতে নগরবাসী ও চালকদের অনুরোধ জানানো হয়েছে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।