Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক |  ০৮ নভেম্বর, ২০২৬

দলিল নিবন্ধনে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগে সুনামগঞ্জের ছাতক সাব-রেজিস্টার কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট সমন্বিত জেলা কার্যালয়।

রবিবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, সুনামগঞ্জের ছাতক উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে দলিল নিবন্ধনে অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকির অভিযোগ পায় দুদক। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের দুই সদস্যের একটি দল উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে এই অভিযান চালায়।

অভিযানে সাব-কবলা দলিলকে অবৈধভাবে হেবা দলিল হিসেবে নিবন্ধন করে সরকারি রাজস্ব আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানায় দুদক। এ সময় অভিযানে দলিল নিবন্ধনের ক্ষেত্রে অনিয়ম ও জালিয়াতির অভিযোগও সামনে আসে।

সিলেট সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সুবেল আহমদ জানান, অভিযান পরিচালনাকারী দল সংশ্লিষ্ট কার্যালয় থেকে বিভিন্ন রেকর্ডপত্র ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। সংগৃহীত নথিপত্র যাচাই-বাছাইয়ের পাশাপাশি অভিযোগের বিস্তারিত পর্যালোচনার জন্য আরও প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হবে। পরবর্তী সময়ে সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযান পরিচালনাকারী দল বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে। ওই প্রতিবেদন পর্যালোচনা করে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.