Sylhet Today 24 PRINT

সিলেটে একইদিনে জিন্দাবাজার ও লালদিঘির পাড়ে আগুন, পুড়ল দোকান

নিজস্ব প্রতিবেদক |  ০৮ নভেম্বর, ২০২৬

সিলেট নগরে একইদিনে পূর্ব জিন্দাবাজার ও লালদিঘির পাড় এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়ে গেছে। তবে পূর্ব জিন্দাবাজারে অগ্নিকান্ডের ঘটনায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে এসময় আশপেশে আতঙ্ক দেখা দেয়।

জানা যায়, রবিবারবেলা পৌণে ৩টার দিকে পূর্ব জিন্দাবাজারের বারুতখানার একটি মার্কেটে আগুনের সূত্রপাত হয়।

বারুতখানাস্থ একটি মার্কেটের দ্বিতীয়তলার সামনের অংশের প্রধান সড়কের উপর ঝুলন্ত অবস্থায় থাকা বৈদ্যুতিক তার থেকে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এ সময় ওই মার্কেটে ‘স্টেপ’ ও ‘স্কোয়াড’ নামের দোকানের ছাদের অংশে আগুন জ্বলতে দেখা যায়। পরপর তিনবার বিকট শব্দও শোনা যায়। এতে ওই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তাৎক্ষণিক স্থানীয় ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায় নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণ করা হয় বলে জানা গেছে। যদিও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।

ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সালাউদ্দিন জানান, বিদ্যুতের তারে স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছালেও আমাদের কাজ করতে হয় নি। আগুন আগেই নিয়ন্ত্রণে চলে আসে।

এরআগে সকাল পৌনে ৯টার দিকে সিলেট নগরীর লালদিঘীপার নতুন হকার্স মার্কেটের ১ নম্বর গলিতে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

জানা যায়, হকার্স মার্কেটের ১ নম্বর গলিতে টেপন ব্রাদার্স ও খান এন্টারপ্রাইজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানে আগুন ও ধোঁয়া দেখে তাৎক্ষনিক সিলেট ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী উদ্ধার কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে দোকানে থাকা বিভিন্ন প্রকারের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

টেপন ব্রাদার্স নামক প্রতিষ্ঠানের ব্যবসায়ী রিপন জানান, শীতকে সামনে রেখে শীতকালীন খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম দোকানে তুলেছিলেন। প্রতিদিনের মতো শনিবার রাতেও দোকান বন্ধ করে বাসায় যান তিনি। কিন্তু সকালে এসে দেখেন তার সব স্বপ্ন পুড়ে ছাই। একই আগুনে পুড়ে গেছে ‘খান এন্টারপ্রাইজ’ নামের আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানও। ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ৭০ থেকে ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কুতুব উদ্দিন জানান, ‘সকালে সিলেট মহানগরীর লালদিঘীরপার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ঘন্টাব্যাপী উদ্ধার কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে দুই ব্যবসায়ীর ক্ষয়ক্ষতির পরিমান ৪লাখ টাকার মতো এবং আমাদের উদ্ধার কার্যক্রমে প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.