Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে গানের অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার নির্দেশ হুইপ গউছের

নিজস্ব প্রতিবেদক |  ০৮ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জে গ্রাম্য গানের কোন আসরের অনুমোদন না দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিএনপি-দলীয় হুইপ জিকে গউছ।

রোববার (৮ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন নির্দেশ দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সাংগঠনিক সম্পাদক।

সম্প্রতি সুনামগঞ্জে বাউল সম্রাট শাহ আবদুল করিম ও কবি রাধারমন দত্তের এলাকায় গানের আসরে আপত্তি নিয়ে সমালোচনার মধ্যে হুইপের পক্ষ থেকে এমন নির্দেশ এল।

আইনশৃঙ্খলা কমিটির সভায় গান বাজনা নিয়ে জিকে গউছ বলেন, গ্রাম্য গানবাজনা আমাদের এই এলাকার লোকজন পছন্দ করেন না। এইগুলা একদম টোটালি, আমি অনুরোধ করব, পুরো জেলায় হলে ভালো, অন্তত যে এলাকার মানুষ, সোয়া ৪ লক্ষ ভোটার আমারে ভোট দিয়ে নির্বাচিত করছে, এইখানে যেন গ্রাম্য গানের আয়োজন, এটা-সেটা আমরা যেন না শুনি। কোন জায়গায় মারামারি হইছে, খুন খারাবি হইছে এসব যেন না শুনি। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আমাদের এলাকায় ধর্মকর্ম হয়। শীত মৌসুমে ওয়াজ মাহফিল বেশি বেশি হয়। কোন কারণে এগুলোকে কেন্দ্র করে যেন উত্তেজনার সৃষ্টি না হয়। এসব নিয়ে ধর্মীয় কোন অনৈক্য যাতে দেখা না দেয়, এসব অনুমোদন দেওয়ার ক্ষেত্রে যারা কর্তৃপক্ষ তারা অবশ্যই খেয়াল রাখবেন।

তিনি বলেন, বাণিজ্যমেলা, শিল্পমেলা বিভিন্ন মেলার আড়ালে অশ্লীলতা, জুয়ার আসর এসব যেন না হয়, আমাদের এখানে ব্যবসা বাণিজ্য ভালোই চলছে। দোকানে যারা আছে, নতুন করে মাঠে নিয়ে দোকানের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অনেকেই আমাকে বলে, পার্শ্ববর্তী জেলায় এসব হয়। আমি তাদের বলি, অন্য এলাকায় এসবের চাহিদা আছে। আমার এলাকার মানুষ এসব পছন্দ করে না।

জিকে গউছ বলেন, আমি আজ ফরমালি ডিসি সাহেবকে অনুরোধ করব, অন্তত আমি যে এলাকা থেকে নির্বাচিত হয়েছি সে এলাকায় যেন এসব না শুনি। এমনিতেই নিষিদ্ধ সংগঠন, বট বাহিনী কত জাতের প্রবলেম আমাদের সামনে আছে, আর কোন সমস্যা যেন আমরা ডেকে না আনি।

সভায় হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, পুলিশ সুপার মো. তারেক মাহমুদসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.